20/08/2026
#উত্তম_সুচিত্রা_প্রসঙ্গে
গৌরাঙ্গপ্রসাদ ঘোষ
#পর্ব_২
দেখা গেল একদিন সেই রমা আমার বৌ হয়ে গেল। হঠাৎ আমি মরে গেলাম। রমা যদি সত্যিকারের প্রেমিকা হয় তবে আমার এই মৃত্যু সে সহ্য করতে না পেরে যতদিন বাঁচবে ততদিন গুমরে গুমরে মরবে। এবার উল্টোটা ধরো। রমা হঠাৎ মরে গেল। আমি একলা হয়ে গেলাম। আমার এই একাকীত্বকে হয়ত কেউ মেনে নিতে পারছে না। সবাই বলছে, অতবড় এক প্রেমিক তাঁর প্রেমিকাকে মানে বৌকে হারিয়ে কি বিশ্রী হয়ে গেছে। আত্মীয়রা বলবে---ওর একটা বিয়ে দাও। অনেক নারী সুযোগ খুঁজবে রমার হৃদয়জুড়ে থাকা 'উতো'কে জয় করে নিতে। এতে আলটিমেট কি দাঁড়াবে? কোনও ব্যাপারটাই জমবে না। তার চাইতে যা জমে গেছে, যে প্রেমের আর বিকল্প তৈরি হবে না সেটা থাকাই ভালো---বললাম, লাভ স্টোরির ওই ট্র্যাডিশনকে ভাঙবার চেষ্টা করেছিলেন কোনোদিন?
উত্তমদা বললেন, একবার তার চেষ্টা করেছিলেন তখনকার দিনের নামকরা চিত্রনাট্যকার নিতাই ভট্টাচার্য। চিত্রনাট্যের শেষে আমি আর রমা আলোচনা করে একটা সিদ্ধান্তে এলাম। নিয়ম ভাঙার সিদ্ধান্ত। ট্র্যাডিশন ভেঙে ফেলার সিদ্ধান্ত। শেষ দৃশ্যের পরিণতি এক সমুদ্র বীচে। সে পুরী হোক বা দীঘা হোক। সেখানে শেষ দৃশ্যে দেখা যাবে প্রেমিকা মারা যাচ্ছে! প্রেমিক খুঁজে যখন পেলো তাঁর মৃত্যু পথের যাত্রী প্রেমিকাকে, তখনই তাঁর প্রাণটা দেহ থেকে বেরিয়ে গেল। নায়িকা মারা গেল! নায়ক সেই মৃতদেহ পাঁজাকোলা করে নিয়ে চলেছে আর চলেছে-- ছবি শেষ। হঠাৎ পরিবেশক-প্রযোজক বেঁকে বসলেন। আমার হাত দুখানা শক্ত করে ধরে আকুতি-মিনতি করে বললেন, দাদা আমরা যারা যাব, আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এই একটা ছবিতে। প্রযোজক বললেন, আপনি তো জানেন দাদা, আপনাকে সব কথাই খুলে বলেছি, আমি আমার ধানকল, কোল্ড স্টোরেজ বন্ধক রেখে ছবি করতে এসেছি, আপনি আর সুচিত্রাদেবীকে নিয়ে ছবি করার স্বপ্ন দেখেছিলাম অনেকদিন আগে, এই ছবিতে সুচিত্রাদেবী যদি মরে যান, আমি ধনেপ্রাণে মরে যাব, পরিবেশক বললেন, আমি চড়া সুদে লগ্নি করেছি, টাকা সুদসহ দিতে না পারলে এই ছবি ওই পাওনাদারের হয়ে যাবে সেই শর্তে টাকা নিয়েছি, আমাকে আপনারা বাঁচান----
#ক্রমশ
আগের পর্বের লিংক
https://www.facebook.com/share/p/1AnF4F89tZ/